চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী ঈগল বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহীও আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে খালেকের দোকান এলাকায় মডেল মসজিদের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম অনিল রুদ্র (৫০)। তিনি বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের মৃত দেবেন্দ্র রুদ্রের ছেলে। আহত সজিব রুদ্র (৩৮) সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেওচিয়া রুদ্র পাড়ার নেপাল রুদ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে অনিল রুদ্র ও সজীব রুদ্র একটি মোটরসাইকেলযোগে বাঁশখালী থেকে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ঈগল পরিবহণের বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই অনিল রুদ্রের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা সজীব রুদ্রও আহত হয়। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী সারাবাংলাকে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।