কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিরছড়া এলাকায় ইব্রাহিম (১৫) নামের এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে পরিবার।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পণ্য বিক্রি করত। প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয় সে। সাধারণত দুপুর ২টার মধ্যে বাড়ি ফিরে এলেও ওই দিন নির্ধারিত সময়ে সে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
ইব্রাহিমের গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের গ্রাহানপুর এলাকায়।
ভুক্তভোগীর ফুফাতো ভাই মো. কালাম সরদার জানান, সন্ধ্যা ৬টার পর থেকে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এর মধ্যে রাত ৭টার দিকে ইব্রাহিমের ব্যবহৃত মোবাইলফোন নম্বর থেকে একটি কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, তাকে (ইব্রাহিমকে) কালিরছড়া এলাকার একটি বাড়িতে আটকে রাখা হয়েছে এবং শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে।
কালাম সরদার আরও বলেন, ওই ফোনকলে অপহরণকারীরা রাতের মধ্যে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়। কিছুক্ষণ পর কলটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় মো. কালাম সরদার ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
এ বিষয়ে ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, কালিরছড়া এলাকার ভুতিয়াপাড়া সংলগ্ন একটি স্থান থেকে অপহৃত হকারের কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত ইব্রাহিমকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা।