Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের প্রস্তুতি, জনমনে ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ২১:৫৩

সিআরবি। ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের একটি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ ফের সামনে আসায় নতুন করে আলোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে নগরজুড়ে। প্রায় চার বছর আগে তীব্র আন্দোলনের মুখে স্থগিত হয় এই প্রকল্পটি। তবে রেলপথ মন্ত্রণালয় পুনরায় এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে—এমন খবরে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন নগরবাসী ও পরিবেশবাদী সংগঠন।

জানা গেছে, রেলমন্ত্রী শেখ রবিউল আলম চট্টগ্রাম সফরে এসে প্রকল্পস্থল পরিদর্শন করবেন। মন্ত্রণালয়ের একান্ত সচিব হাবিবুল হাসান রুমির সেই করা সফরসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল তিনি চট্টগ্রামে আসবেন এবং ১৯ এপ্রিল বিকেল ৪টায় সিআরবিসংলগ্ন গোয়ালপাড়া এলাকায় প্রস্তাবিত হাসপাতালের স্থান পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, এই পরিদর্শনের পরই সিআরবিতে হাসপাতাল নির্মাণে নীতিগত অনুমোদন দেওয়ার প্রস্তুতি রয়েছে। যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সবুক্তগীন।

পরিবেশ আন্দোলনকর্মীরা বলছেন, সিআরবি চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সবুজ এলাকা। এখানে বড় অবকাঠামো নির্মাণ হলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে এবং নগরবাসীর উন্মুক্ত জায়গা কমে যাবে।

তারা বলেন, স্বাস্থ্যসেবা অবশ্যই প্রয়োজন; তবে তা এমন স্থানে হওয়া উচিত, যেখানে পরিবেশ ও ঐতিহ্যের ক্ষতি হবে না। সিআরবির পরিবর্তে অন্য কোনো উপযুক্ত স্থানে হাসপাতাল নির্মাণই হবে অধিক টেকসই ও জনস্বার্থসম্মত সিদ্ধান্ত।

মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পিপলস ভয়েস। সংগঠনটি এই উদ্যোগকে ‘গণবিরোধী’ ও ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’ আখ্যা দিয়ে অবিলম্বে তা থেকে সরে আসার দাবি জানিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সংগঠনের সভাপতি শরীফ চৌহান ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘চট্টগ্রাম শহরের প্রাণ-প্রকৃতির অন্যতম আধার এবং ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন সিআরবিতে পরিবেশবিরোধী কোনো প্রকল্প বাস্তবায়নের চেষ্টা নগরবাসী মেনে নেবে না। অতীতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা জনআন্দোলনের মুখে ব্যর্থ হয়েছে।’

সংগঠনটির নেতারা উল্লেখ করেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রবাসী বাংলাদেশিরাও সোচ্চার হয়েছিলেন। প্রয়োজনে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিবৃতিতে বলা হয়, দ্রুত নগরায়নের ফলে বন্দরনগরী চট্টগ্রামে উন্মুক্ত প্রাকৃতিক পরিসর দিন দিন কমে যাচ্ছে। একটি শহরের জন্য প্রয়োজনীয় উন্মুক্ত স্থানের তুলনায় চট্টগ্রামে তা এখন প্রায় নেই বললেই চলে, যা পরিবেশের ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এই প্রেক্ষাপটে নতুন স্থাপনা নির্মাণের পরিবর্তে নগরীতে আরও উদ্যান ও সবুজ এলাকা গড়ে তোলা এবং বিদ্যমান প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করে সংগঠনটি। পিপলস ভয়েস জানায়, অতীতে সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে টানা ৪৮৩ দিন আন্দোলন চালিয়ে তা প্রতিহত নগরবাসী তা করেছিল।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলে, সিআরবিতে ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায়, পরিবেশবিরোধী এ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা হলে ফের আন্দোলনে নামতে বাধ্য হবে নগরবাসী।

উল্লেখ্য, ২০২২ সালে একই স্থানে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত ঘোষণার পর চট্টগ্রামজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন টানা এক বছরের ও বেশি সময় ধরে আন্দোলন চালায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর