Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার চায় জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ১৯:৪০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৯:৪১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণ করে ওই ঘটনায় দায়ের করা মামলা পুনরুজ্জীবিত, আসামিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। একই সঙ্গে ২৮ অক্টোবরের নিহতদের স্মরণে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা লগি-বৈঠা, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে পল্টন এলাকায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর হামলা চালায়। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন এলাকা রক্তাক্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, ওই হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী নিহত এবং সহস্রাধিক আহত হন। মৃতদেহের ওপর নৃত্য করার ঘটনাকে তিনি নৃশংসতা হিসেবে উল্লেখ করে বলেন, ২৮ অক্টোবরের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।

বিবৃতিতে জামায়াতের আমির আরও অভিযোগ করেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা তৎকালীন সরকার প্রত্যাহার করে বিচারপ্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তাই ২৮ অক্টোবরের ঘটনায় দায়ের করা মামলা পুনরায় সচল করে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহতদের জন্য দোয়া করে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাঁদের শহীদ হিসেবে কবুল করেন। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপন করা ব্যক্তিদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান তিনি।

জামায়াতের দুই দিনের কর্মসূচি

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর মঙ্গলবার ঢাকা মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরদিন ২৮ অক্টোবর বুধবার সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দলের সব শাখার প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতা কামনা করেছে দলটি।