চট্টগ্রাম: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত গণহত্যার বিচার দাবি করেছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
তিনি বলেছেন, সেই দিনের বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে বর্তমান সরকারকে।
মঙ্গলবার (৫ মে) বাদে আসর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ মে ‘শাপলা চত্বর ট্র্যাজেডি’ স্মরণে এই সভার আয়োজন করা হয়।
মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঈমানি আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। একটি শান্তিপূর্ণ সমাবেশে রাতের অন্ধকারে যে নৃশংসতা চালানো হয়েছিল, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিগত সরকার এই ঘটনার প্রকৃত সত্য আড়াল করে রেখেছে। আমরা অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি বিগত অন্তর্বর্তী সরকার ৫ মে আলেম হত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ায় হতাশা প্রকাশ করেন এবং বিএনপি সরকার ৫ মে’কে রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারকার্য সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণে ন্যায়বিচারের দাবি আজও মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি হেফাজতে ইসলামের উত্থাপিত ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখার আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা হারুন আজিজির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব জুনায়েদ বিন জালাল, হেফাজত নেতা শাহজাহান ইসলামাবাদী, শওকত বিন হানিফসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।