Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রামে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১৫:২০

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস।

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহণের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৫ যাত্রী।

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহণের বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারগামী বাসটি সড়কের পূর্ব পাশে একটি দোকানে ঢুকে পড়ে। সংঘর্ষে বাস দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত চারজন হলেন পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী রেহেনা বেগম (৬০), ঝিনাইদহ জেলার আবদুল্লাহ জিহাদ ও মো. নাঈম এবং ভোলা জেলার মনির আহমদ। নিহত ব্যক্তিদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ‘মৃত’ ঘোষণা করেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর ও নিচে আটকে পড়া ২০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অনেকের হাত-পা কেটে গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চুনতি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আব্বাস আলী বলেন, ‘চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী দ্রুতগতির বাসের সাথে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর