চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে অবৈধ বাসস্থানসমূহে বসবাসরত অধিকাংশ ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে যাদের উপস্থিত পাওয়া গেছে, তাদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল ও বসতি স্থাপন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
নগরীর সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থানসমূহ দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।