Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ২৩:০৮

চট্টগ্রাম বন্দরে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা উদ্বোধন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ক্রমবর্ধমান বৈশ্বিক সাইবার হামলার হুমকি থেকে নিজেদের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো রক্ষা, অনলাইন লেনদেন সুরক্ষিত ও সংবেদনশীল অপারেশনাল ডাটার নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা উদ্বোধন করেছে।

রোববার (২৮ জুন) দুপুরে বন্দরের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম মনিরুজ্জামান। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য, প্রকল্প পরিচালক, বিভাগীয় প্রধান ও শাখা প্রধান এবং বাস্তবায়নের সঙ্গে জড়িত কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান উচ্চ আন্তঃসংযুক্ত মেরিটাইম পরিবেশে, ডিজিটাল প্ল্যাটফর্ম, স্বয়ংক্রিয় লজিস্টিকস, ইন্টারনেটভিত্তিক পরিষেবা এবং আর্থিক প্রযুক্তির ওপর বন্দরের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ডিজিটাল রূপান্তর যেমন সুযোগ এনেছে, তেমনি এটি জটিল সাইবার আক্রমণের ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে।

বিষয়টি অনুধাবন করে বন্দর কর্তৃপক্ষ একটি শক্তিশালী প্রতিরোধমূলক অবকাঠামো গড়ে তুলতে সক্রিয়ভাবে পদক্ষেপ নেবে। এর অংশ হিসেবে, গত ১১ জানুয়ারি, বাংলাদেশ নৌবাহিনী দ্বারা সরাসরি পরিচালিত একটি শীর্ষস্থানীয় বিশেষায়িত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ডকইকয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জ-এর সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে।

নতুন সাইবার নিরাপত্তা ব্যবস্থায় তাৎক্ষণিক হুমকি শনাক্তকরণ, সংবেদনশীল তথ্যের নিরাপদ প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, ভাইরাস ও ম্যালওয়্যারজনিত ঝুঁকি হ্রাস, রিয়েল-টাইম সাইবার ইন্টেলিজেন্স, ডিডিওএস হামলা প্রতিরোধ, সার্বক্ষণিক নেটওয়ার্ক নজরদারি, ফরেনসিক বিশ্লেষণ এবং ২৪ ঘণ্টার নেটওয়ার্ক ও সিকিউরিটি অপারেশনস সেন্টার সুবিধা যুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসার ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন বলেন, ‘এই উন্নত সাইবার সিকিউরিটি সিস্টেমের সংযোজন দেশের প্রধান সমুদ্রদ্বারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আন্তর্জাতিক জাহাজ ও বন্দর সুবিধা নিরাপত্তা (ISPS) কোডের সঙ্গে কঠোর সামঞ্জস্য সহজতর করার পাশাপাশি নিরবচ্ছিন্ন ২৪/৭ টার্মিনাল অপারেশন নিশ্চিত করবে।’

এর ফলে বন্দর ব্যবহারকারী, অংশীজন ও আন্তর্জাতিক শিপিং অংশীদাররা একটি স্থিতিশীল, স্বচ্ছ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ আশা করতে পারেন। সাইবার ডোমেইনকে দৃঢ়ভাবে রক্ষা করার মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বৈশ্বিক মঞ্চে একটি স্থিতিস্থাপক ও বিশ্বমানের লজিস্টিক হাব হিসেবে নিজের অবস্থানকে সক্রিয়ভাবে উন্নত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর