Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মিরপুরে অস্ত্রসহ প্রবেশ, শীর্ষ সন্ত্রাসী ভাগিনা মুন্না গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনে নাশকতার জন্য রাজধানীর মিরপুরে প্রবেশ করায় পল্লবীর শীর্ষ সন্ত্রাসী ভাগিনা মুন্নাকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আজ ভোর রাতে র‌্যাব-৪ ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে (৫৩) বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্না অস্ত্রসহ নাশকতা করার জন্য এলাকায় প্রবেশ করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে (৫৩) গ্রেফতার করে।

বিজ্ঞাপন

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায় তার অবৈধ অস্ত্র তুরাগ থানাধীন হরিরামপুরে নিজ বাংলো বাড়ীতে লুকানো আছে। এর প্রেক্ষিতে তার দেওয়া তথ্যমতে ওই বাংলোয় অভিযান চালিয়ে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাঁজা গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর গণমাধ্যম শাখা জানায়, গ্রেফতার আসামি উদ্ধার করা অবৈধ অস্ত্র সে রাজধানীর তুরাগ, মিরপুর, কাফরুল, পল্লবী, ভাষানটেক এবং ক্যান্টনমেন্ট থানাসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতো। পাশাপাশি ওই অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হত।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী মুন্নার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় ৩০টির অধিক মামলা ও ১৭টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর