ঢাকা: শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় কারাগারে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সাফিকুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও নিযুক্ত করেছে সরকার।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়েছে, সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত ড. সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করা হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত হুমায়রা সুলতানা বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
এর আগে, গতকাল সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরা থেকে শিশু (১১) গৃহকর্মীকে নির্যাতনের মামলায় সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন- সাফিকুর রহমানের বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম। আসামি রুপালী খাতুনের ২ বছর ও ছয় মাসের দুটি শিশুসন্তান আছে। তাদের অভিভাবক না থাকায় সন্তান দু’টিকে আসামির সঙ্গে কারাগারে পাঠানো হয়েছে।