Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৩

কক্সবাজারে সেনাবাহিনীর উদ্ধারকৃত অস্ত্র।

কক্সবাজার: জেলার উখিয়া উপজেলায় সেনাবাহিনী বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে। সেনাবাহিনীর দাবি, আটককৃত ব্যক্তিরা চিহ্নিত সন্ত্রাসী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বালুখালীর এক নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত জুলুর ছেলে আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং আরও এক যুবক।

সেনাবাহিনী জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুইটি একনলা বন্দুক, দুইটি দেশীয় ধারালো অস্ত্র, পিস্তলের ম্যাগাজিন একটি, রাইফেলের ম্যাগাজিন দুইটি, পিস্তলের গুলি চার রাউন্ড, রাইফেলের গুলি দুইটি, এবং দুইটি কার্তুজ ও দুই সেট ওয়াকিটকি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অস্ত্র ও গোলাবারুদসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলো এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করছিলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের আটক ও অপতৎপরতা দমন করাই এ অভিযানের মূল উদ্দেশ্য বলে জানানো হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বিজ্ঞাপন

ব্যবসার টাকা, নাটক সাজিয়ে আটক: জামায়াত
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৮

আরো

সম্পর্কিত খবর