যশোর: জেলার অভয়নগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে বুধবার ভোর ৫টার দিকে নাউলী গ্রামে সুলতান গাজীর বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সুলতান পালিয়ে গেলেও তার বাড়ির রান্নাঘর থেকে লাল টেপে মোড়ানো দুইটি ককটেল, দুইটি রামদা, একটি চাইনিজ কুড়াল, দুইটি এসএস পাইপ ও দুইটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, যৌথবাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও বোমাসদৃশ বস্তু থানায় হস্তান্তর করা হয়েছে। কোনো আসামিকে আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।