পাবনা: হাটের টেন্ডার শিডিউল দাখিলকে কেন্দ্র করে পাবনার চাটমোহর উপজেলায় জামায়াতের উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল উপজেলা পরিষদের ডাকা হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষ দিন। একইসঙ্গে বিকেল তিনটায় দাখিলকৃত টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব তার এলাকার একটি হাটের টেন্ডার শিডিউল দাখিল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং সামনে রাখা টেন্ডার বাক্সে শিডিউল জমা দেন।
এ সময় আশপাশে অবস্থানরত বিএনপির নেতা-কর্মীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেখানে উপস্থিত আনসার সদস্য ও পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে হামলাকারীদের থামায় এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এর কিছুক্ষণ পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ব্যক্তিগত কাজ শেষে বের হওয়ার সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানের ওপর পুনরায় হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ‘জামায়াতের সেক্রেটারি এখানে কেন’—এমন মন্তব্য করে তার ওপর হামলা ও মারধর শুরু করে বিএনপির নেতা-কর্মীরা।
অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে থাকা আনসার ও পুলিশ সদস্যরা হামলাকারীদের প্রতিহত না করে শুধু বাঁশি বাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী হাবিবুর রহমান।