ফরিদপুর: ফরিদপুরে বাড়ির সামনে কাপড় শুকানোর দড়ি টাঙাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জুয়েল মোল্লা (৩৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে পাশের বাড়ির ভাড়াটিয়ারা। এ ঘটনায় হামলাকারী দম্পতি সরফরাজ শেখ ও মনি বেগমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শহরের গোয়ালচামট মোল্লাবাড়ী সড়কের বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যার শিকার জুয়েল মোল্লা ওই এলাকার মৃত মনিরুদ্দিন আনসারির ছেলে। হামলায় তার সিংগারপুর প্রবাসী ছোট ভাই সোহেল মোল্লা (২৪) গুরুতরভাবে আহত হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আবুল কালাম আজাদের বাড়ির ভাড়াটিয়া ভাঙারি ব্যবসায়ী সরফরাজের স্ত্রী মনি জুয়েল মোল্লাদের বাড়ির সামনে কাপড় শুকানোর জন্য দড়ি টাঙাতে যায়। এ সময় জুয়েল তাকে বাধা দিলে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে সরফরাজের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে জুয়েলকে এলোপাথারি পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার ছোট ভাই সোহেল ও মা রোকেয়া বেগম আহত হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জুয়েলের বোন তিন্নি বেগম জানান, জুয়েল কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী। পাশের বাড়ির সরফরাজ, তার ছেলে শাহরিয়ার ও সিফাতসহ তাদের ব্যবসার কর্মচারীরা হামলার সাথে জড়িত বলে অভিযোগ তার। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিচার দাবি করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, এ ঘটনায় হামলাকারী সরফরাজ ও তার স্ত্রী মনি বেগমকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্তসহ আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।