হিলি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নয় নম্বর কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশু শাওন ওই গ্রামের মইনুল ইসলামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে শাওনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা। তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। শিশুটির মায়ের বুকফাটা আর্তনাদ আর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার আবহ। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে।
এদিকে, খবর পেয়েই নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে বলেন, ‘আমরা এরইমধ্যে শিশুটির মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। যে বা যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’