Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৭:২৪

অপহরণের শিকার হওয়া ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

যশোর: যশোরে জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (৩ মার্চ) ভুক্তভোগীর স্ত্রী রেশমা খাতুন যশোরের কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

অপহৃত জাহাঙ্গীর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে শহরতলীর খোলাডাঙ্গার কদমতলা এলাকায় বসবাস করেন। তিনি শহরের শংকরপুরস্থ ভেটেরিনারি হাসপাতালের সামনে ‘আর আর মেডিকেল’ নামে ভেটেরিনারি ওষুধের ব্যবসা করে আসছিলেন। ঘটনার পর থেকে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে ভুক্তভোগী পরিবার।

থানায় লিখিত অভিযোগে জানা যায়, জাহাঙ্গীর সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে তার মোটরসাইকেলে করে কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়ার পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকারে কয়েকজন এসে তার মোটরসাইকেলের গতি রোধ করে এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পরে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ফোন নম্বর থেকে রাত ১০টার দিকে তার স্ত্রীর মোবাইলফোনে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় টাকা না দিলে তাকে হত্যা করা হবে মর্মে হুমকিও দেওয়া হয়। এরপর থেকে মোবাইলফোনটি বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

মুঠোফোনে অপহৃত জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন বলেন, ‘আমার স্বামীর দোকানের পাশেই ‘আমেনা ফার্মেসি’ নামে আরেকটা ভেটেরিনারির দোকান রয়েছে। মার্কেট মালিক ইউসুফ সাহেবের সঙ্গে দোকানটির মালিক শাহ আলমের ডিট সংক্রান্ত বিষয়ে বিরোধ হয়। এরপর ইউসুফ শাহ আলমের দোকানটি আমার স্বামীর কাছে ভাড়া দেয়। এরপর দুইটি দোকান একসাথে বড় করে আমার স্বামী ব্যবসা পরিচালনা করে আসছিল। তখন থেকে শাহ আলমের আমার স্বামীর সাথে নানা বিরোধ সৃষ্টি হয়। এর আগেও প্রাইভেটকার দিয়ে আমার স্বামীকে চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। ফলে আমরা ধারণা করছি, ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই ধরণের অপহরণের ঘটনা ঘটতে পারে।’

কান্নাজড়িত কণ্ঠে এ সময় তিনি বলেন, ‘আমার স্বামী এখন কোথায়, কী অবস্থায় রয়েছে জানি না। ঘটনার পর থেকে আমি তিন মেয়েকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছি। প্রশাসনের কাছে আবেদন, জীবিত ও সুস্থ শরীরে আমার স্বামীকে ফেরত চাই।’

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘ভুক্তভোগী পরিবার এই ঘটনায় অভিযোগ দিলে আমরা মামলা হিসেবে রেকর্ড করেছি। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে আমাদের অভিযান শুরু হয়েছে। আশা করি দ্রুত উদ্ধার করতে পারব।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর