Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের কথা বলে ডেকে এনে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৭:৩৮

ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় এক তরুণীকে বিয়ের কথা বলে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) রাত সোয়া ১টার দিকে ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয় বলে জানান পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৯) এবং বাজেয়াপ্ত বাগলী গ্রামের আরশাদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (২২)।

এর আগে রোববার (১ মার্চ) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে পাংশা মডেল থানায় দুইজনকে আসা‌মি ক‌রে মামলা ক‌রেছিলেন।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর সাথে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে পাংশা উপজেলার সরিষা গ্রামের সৌদি প্রবাসী সজলের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১৪ ফেব্রুয়ারি তাদের সম্পর্কের অবসান হয়। এরপর সজলের বন্ধু আকাশ মণ্ডল তরুণীকে ফোন করে পাংশায় আসতে বলে এবং সজলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। এরপর গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণী বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আকাশ তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আগে থেকেই জামাল মণ্ডল অবস্থান করছিলেন। ওখানেই ওই তরুণী ধর্ষণের শিকার হন। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুলও নিয়ে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ওই তরুণী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের সময় তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, পাংশা থানায় আসামি আকাশ মন্ডলের নামে ছয়টি মামলা এবং মো. জামাল মন্ডলের নামে চারটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর