পাবনা: জেলার ঈশ্বরদীতে প্রেমের টানে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ার পর দিনাজপুরের এক যুবক ও এক স্থানীয় তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী খড়েরদায়ের গ্রামে এ ঘটনা ঘটার অভিযোগ উঠেছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সুমি নামের এক তরুণীর সঙ্গে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাঠালপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে কবিরুলের পূর্বপরিচয় ছিল। মঙ্গলবার কোনো এক সময় কবিরুল ওই তরুণীর বাড়িতে আসেন এবং সেখানে রাত কাটান বলে স্থানীয়দের দাবি। এরপর বুধবার (৪ মার্চ) সকালে একটি ঘরের ভেতরে তাদের একসঙ্গে দেখতে পেয়ে সন্দেহ হলে এলাকাবাসী আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের দুইজনকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনা জানতে পেরেছি। কিন্তু এ ঘটনা আমার থানার সীমানার বাইরে হওয়ায় বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে।’
এ দিকে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আপনার কাছে প্রথম শুনলাম। খোঁজখবর নিয়ে দেখছি।’