Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে ভাড়া বাসা থেকে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ২০:২৮

হত্যার শিকার হওয়া বাদল।

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল (২৫) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাদল উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। ঘটনার পর থেকে তার স্ত্রী তাহেরা বেগম আঁখি নিখোঁজ রয়েছেন। তিনি রামুর খুনিয়াপালং এলাকার বাসিন্দা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ভাড়া বাসাটি থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয়দের মনে সন্দেহ তৈরি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় বিছানার ওপর বাদলের গলাকাটা মরদেহ দেখতে পায় তারা। লাশের অবস্থা দেখে পুলিশের অনুমান, অন্তত তিনদিন আগে তাকে শ্বাসরোধের পর গলা কেটে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্র জানায়, পরিবারের অমতে আঁখিকে বিয়ে করায় তারা এ বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে বিরোধের জেরে বাদল স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকতে শুরু করেন।

রাজারকুল ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া বলেন, ‘বাদলের স্ত্রী আগে বিবাহিত ছিলেন বলে তার পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। তাই তারা আলাদা বাসা নিয়ে সংসার করছিল। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তখন সামাজিকভাবে আমরা বসে সেটি মীমাংসা করে দিয়েছিলাম।’

এদিকে বাদলের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে আঁখি পরিকল্পিতভাবে বাদলকে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়েছেন। গত তিনদিন ধরে তার (আঁখি) কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং মুঠোফোনও বন্ধ রয়েছে।

এ বিষয়ে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর