Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ট্রাইব্যুনালে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২১:৪৫

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নেত্রকোনা।

নেত্রকোনা: জেলার সীমান্ত উপজেলা দুর্গাপুরের সাংবাদিক সমিতির সভাপতি কলি হাসানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে নেত্রকোনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বিঘ্ন সংক্রান্ত অভিযোগে মামলাটি করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১’র বিচারক নুসরাত জাহান মামলাটি আমলে নেন।

মামলার আসামিরা হলেন—দুর্গাপুর উপজেলার বালিচান্দা গ্রামের বাসির উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম, দেশওয়ালীপাড়া গ্রামের অখিল সাহার ছেলে পলাশ সাহা এবং কাচারিমোড় এলাকার রইস উদ্দীনের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার পর এক সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের তিন সদস্য সভাপতি কলি হাসানকে অশ্লীল ভাষায় গালাগালি করে ও মারধরের চেষ্টা করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়েছে।

আরও জানা যায়, সভার পর ওইদিন রাত পৌনে ৯টার দিকে সাংবাদিক সমিতির কার্যালয়ে গিয়ে সভাপতির ব্যবহৃত নেমপ্লেট ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, প্রায় ৩৫ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে কলি হাসান বলেন, ‘আমি দুর্গাপুর সাংবাদিক সমিতির গত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছি। নির্বাচিত হবার পর থেকেই একটি পক্ষ কমিটিসহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অফিস ভাংচুর করেছে ও আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমার দাবি, এদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর