কক্সবাজার: জেলা শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকায় চাঁদা দাবি করে না পেয়ে ছুরিকাঘাতে গণেশ পাল (৪০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গণেশ পাল তার বাড়ির পাশে ড্রেনের কাজ করছিলেন। এ সময় জিসান নামের এক ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিসান ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও চারজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘নিহত গণেশ পালের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’