ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগে মো. তুহিন (২৪) ও মো. আরিফ (৩০) নামের দুইজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৮ মার্চ) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
পুলিশ জানায়, শনিবার (৭ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে মাওয়া ইনকামিং রোড ও শহীদ ফারুক সরণীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তুহিন ও আরিফ কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন।
এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটক করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত দুইজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
ডিএমপির কর্মকর্তা আরও জানান, ফুটপাত হকারমুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।