ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার সকালে বিমানবন্দরের প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় আনসার ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।
সোমবার (৯ মার্চ) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম। তার বাড়ি ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকায়।
গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, সাইদুল ইসলাম ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট নম্বর বিএস-381-এ যাত্রার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। তিনি হেভি লাগেজ গেইট-৪ দিয়ে প্রবেশের পর নির্ধারিত কাউন্টারের রো ‘সি’-তে চেক-ইন সম্পন্ন করেন। পরে বোর্ডিং ব্রিজ নম্বর সি2-এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির জন্য উপস্থিত হন।
প্রি-বোর্ডিং পর্যায়ে ব্যাগ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহী শামীম রেজা ব্যাগটি সন্দেহজনক মনে করলে সিভিল সিকিউরিটি সদস্য হিজবুল বাহারকে র্যান্ডম তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু পাওয়া যায়।
পরে আনসার সদস্য শামীম রেজা এবং সিকিউরিটি সুপারভাইজার মোর্শেদা বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে এভসেক কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে অবহিত করেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো গণনা করে মোট ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা জব্দ করেন।
তিনি জানান, পরবর্তীতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ওই যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে এবং এভসেক কর্তৃপক্ষ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত আনসার ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের এই তৎপরতা মাদক পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাকে আরও বিশ্বাসযোগ্য ও কার্যকর করে তুলছে।