কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যে ছয় বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে নূর হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ দিবাগত রাত প্রায় ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আসা একটি ফোনকলে কোহিনুর আক্তার (৩০) নামের এক নারী জানান, তিনি একজন দিনমজুর এবং তার সন্তানকে অপহরণ করা হয়েছে। প্রতিদিনের মতো সন্তানদের ঘরে রেখে তিনি বনে কাঠ সংগ্রহে যান এবং সেই সুযোগে অজ্ঞাত ব্যক্তি তার ছোট ছেলে ইয়াছিন আরাফাতকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী পরে তার কাছে মুক্তিপণ দাবি করেছে।
এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে। সঙ্গীয় ফোর্স নিয়ে সরারাত উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালানো হয়।
অবশেষে ১১ মার্চ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া স্লুইচ গেইট এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে নূর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। আটক হওয়া নূর হোসেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ঘোনারপাড়া এলাকার মৃত মো. হানিফের ছেলে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তিনি ভুক্তভোগী শিশুটির দূরসম্পর্কের চাচা। শিশুটির বাবার সঙ্গে তার দীর্ঘদিনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। সেই পাওনা টাকা আদায়ের কৌশল হিসেবে তিনি শিশুটিকে অপহরণ করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এদিকে, উদ্ধার হওয়া শিশু ইয়াছিন আরাফাতকে বর্তমানে তার মা কোহিনুর আক্তারের হেফাজতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, ‘এ ঘটনায় বাদীর এজাহার পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’