চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ সেফটিক ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।
বুধবার (১১ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার নাসিমা বেগম (৩৫) একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির সেফটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে এবং এলাকা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।