ঢাকা: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া মহানগরের অন্যান্য যানবাহন সমূহকে বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার সাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষ ঢাকা মহানগর হতে দেশের বিভিন্ন জেলায় গমণ করবেন। পবিত্র ঈদের সময় সাধারণত প্রায় ১.৫ (দেড়) কোটির অধিক মানুষ ঢাকা মহানগর ত্যাগ করেন এবং প্রায় ৪০ (চল্লিশ) লক্ষাধিক মানুষ অন্যত্র হতে ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন কর্মকান্ড চলমান রয়েছে।
আসন্ন ঈদযাত্রায় ঘরমুখী মানুষের যাত্রা সুগম করার জন্য নিম্নবর্ণিত বিষয়গুলো অনুসরণ করার জন্য নগরবাসীসহ সংশ্লিষ্টদের অনুরোধ করা হলোঃ
- আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখতে হবে (তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে)।
- আগামী ১৬ মার্চ থেকে ঈদ যাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া মহানগরের অন্যান্য যানবাহন সমূহকে নিম্নেবর্ণিত সড়ক সমূহ পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো-
বিকল্প সড়কগুলো হলো-
- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (কুড়িল টু আব্দুল্লাহপুর)
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (গুলিস্তান টু সাইনবোর্ড)
- ঢাকা-আরিচা মহাসড়ক বা মিরপুর রোড: (আড়ং ক্রসিং টু আমিনবাজার)
- ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু তাতিবাজার টু বাবুবাজার ব্রীজ)
- ঢাকা-মাওয়া মহাসড়ক (গুলিস্তান টু বুড়িগঙ্গা ব্রীজ)
- মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রীজ পর্যন্ত সড়ক
- আব্দুল্লাহপুর টু ধউর ব্রীজ সড়ক এবং
- ফুলবাড়িয়া টু সদরঘাট লঞ্চ টার্মিনাল সড়ক।