Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধোবাউড়ায় ছাত্রশক্তির এক নেতার বাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২০:৪৮

পোড়া ঘরের ছবি। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার পর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে।

সাইফুল্লাহর বাড়ি ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডোমগাটা গ্রামে। তিনি ওই গ্রামের আলী হোসেনের ছেলে।

মো. সাইফুল্লাহ বলেন, ‘রাত ৩টা ১০ মিনিটের দিকে তাদের বাড়ির একটি রান্নাঘরে আগুন দেওয়া হয়। একই সময়ে বসতঘরে কুপিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বসতঘরে আগুন বড় আকার ধারণ করার আগেই তা নেভানো হয়।’

বিজ্ঞাপন

সাইফুল্লাহ জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সম্প্রতি হুমকির মাত্রা বেড়ে যায়। তার দাবি, এলাকার পলাতক আওয়ামী লীগের কিছু ব্যক্তি ফেসবুকে তাকে হুমকি দিচ্ছিলেন। ঘটনার পর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বার্তা দিয়ে কেউ কেউ লিখেছেন, ‘তোর বাড়িতে আগুন দিলাম, ভাগ্যিস তুই নাই; তোর ছেলে-মেয়ে বেঁচে গেল।’ এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান।

এদিকে, শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা শাখার সাবেক সদস্যসচিব আলী হোসেন ও জাতীয় বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াজসহ পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ছাত্রনেতার ভাই জয়নাল আবেদীনের বক্তব্য অনুযায়ী বাড়ির একটি লাকড়ির ঘরে আগুন লাগে। বসতঘরের টিনের বেড়ায় তিনটি কোপের দাগও দেখা গেছে। পরিবারের সদস্যরা নিজেরাই আগুন নেভান। জয়নাল আবেদীন দাবি করেছেন, স্লোগান দিয়ে এসে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এ দাবির সমর্থনে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ ২০:২৩

আরো

সম্পর্কিত খবর