চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে সন্তানকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন জহিরুল ইসলাম নামে এক যুবক। শনিবার (১৪ মার্চ) ইফতারের আগে এ ঘটনা ঘটে।
স্বামীর ছুরিকাঘাতে নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তিনি আব্দুল মান্নান ও নুর নাহারের মেয়ে।
অভিযুক্ত জহিরুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায়। তবে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানা এলাকার দক্ষিণ পাড়ায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবার ইফতারের আগে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জহিরুল ইসলাম স্ত্রী হালিমা আক্তারকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত জহিরুল ইসলাম তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।