Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়ায় ভাতিজিকে হত্যার অভিযোগে চাচি আটক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ০০:০৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে আড়াই বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কল্পনা আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ দাড়েরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুজাইফা ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নুজাইফাকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা শিশুটির চাচি ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে কল্পনা আক্তার শিশুটিকে হত্যা করার কথা স্বীকার করেন বলে জানা যায়।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক বিরোধের জেরে হত্যার বিষয়টি স্বীকার করেছে অভিযুক্ত। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।