Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

প্রাইভেটকার থেকে হেঁচকা টান, রিকশা থেকে পরে গৃহবধু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৬:১২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর উত্তরা-দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে প্রাইভেকারে ছিনতাইকারীর হেঁচকা টানে রিকশা থেকে পরে মুক্তা আক্তার (২১) নামে একজন গৃহবধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধুকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, তারা দক্ষিণ খানের ফায়দাবাদ এলাকায় ভাড়া থাকেন। তিনি নিজে পোশাক কারখানায় কাজ করেন। তার স্ত্রী মুক্তা গৃহিনী। সকালে তার স্ত্রী ঈদ মার্কেট করতে ব্যাটারী চালিত রিকশা যোগ মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিল। রিকশার আরেক যাত্রীর মাধ্যমে জানতে পারেন, তাদের রিকশা উত্তরা-দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে যায়। এ সময় একটি প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে তার স্ত্রীর হাতে থাকে ব্যাগ ধরে হেচকা টান মারে। এতে তার স্ত্রী রিকশা থেকে রাস্তায় পরে গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

পথচারী ও রিকশার অপর যাত্রী তার স্ত্রীকে প্রথমে উত্তরা আনিক হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ওই হাসপাতালে গিয়ে তার স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। কিন্তু সেখানে চিকিৎসা সেবা বিলম্বিত হওয়ায় টঙ্গী আহসানউল্লাহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

তিনি বলেন, তার স্ত্রী মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। বাবার নাম আব্দুল জলিল। দুই বছর আগে তাদের বিয়ে হয়। এটি তাদের দুজনের দ্বিতীয় বিয়ে ছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুরের দিকে ওই গৃহবধুকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। ওই গৃহবধুর মাথাও কপালে আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তুরাগ থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এসআর