Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন, গ্রেফতারের পরদিনই জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু

স্টাফ করেসপন্ডেট
২ এপ্রিল ২০২৬ ১৫:৪৫

গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। ছবি : সংগৃহীত

ঢাকা: ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেলেন গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জাহিদ অন্তুকে জামিন দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তাহমিনা আক্তার জানান, উভয় পক্ষের বক্তব্য শুনেই আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শুনানির সময় মামলার বাদী আদালতে উপস্থিত থেকে জামিনের বিরোধিতা করেন।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে জাহিদ অন্তুর পরিচয় হয় গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার শেখানোর সূত্রে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও পরে তা ভেঙে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অভিযোগে বলা হয়, গত ২৭ মার্চ একটি পণ্যের ফটোশুটের কথা বলে জাহিদ অন্তু ওই ছাত্রীকে তার গুলশানের বাসায় যেতে বলেন। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে গেলে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে স্পর্শ করে যৌন নিপীড়ন করা হয়। বাধা দিলে তাকে মারধর করা হয়, এতে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগী কৌশলে সেখান থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর মঙ্গলবার রাতে তিনি মামলা দায়ের করেন।

এর আগে বুধবার সকালে গুলশান এলাকা থেকে পুলিশ জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে বৃহস্পতিবার জামিন শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।