Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দিনাজপুরে ‘গরুর মাংস’ বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৫:৫৫

জব্দ হওয়া ঘোড়ার মাংস।

হিলি (দিনাজপুর): জেলার নবাবগঞ্জে গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে গোপনে ঘোড়া জবাই করার সময় চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে আটকের পর তাদের এই দণ্ড দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, একটি নির্জন সুপারি বাগানে ছয়টি ঘোড়া জবাই করে প্রায় ১২ মণ মাংস বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। অপরাধের সত্যতা মেলায় আটককৃতদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।​দণ্ডপ্রাপ্তরা হলেন নেত্রকোণার বাসিন্দা​আব্দুল্লাহ, নীলফামারির বাসিন্দা​রুবেল ও রংপুরের বাসিন্দা​রবিউল।

বিজ্ঞাপন

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা বিভিন্ন জেলা থেকে ঘোড়া সংগ্রহ করে নবাবগঞ্জের গাজীপুর এলাকায় নিয়ে আসত। স্থানীয়দের অগোচরে সুপারি বাগানে ঘোড়াগুলো জবাই করে সেই মাংস বাজারে সাধারণ মানুষের কাছে গরুর মাংস হিসেবে চালিয়ে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। অভিযান চালিয়ে এই বিশাল পরিমাণ মাংস জব্দ করার পর তা মাটিতে পুঁতে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বলেন, ‘সকালে খবর পাই যে জনৈক ব্যক্তির সুপারি বাগানে অসাধু ব্যবসায়ীরা ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক অভিযানে প্রায় ১২ মণ মাংসসহ তিনজনকে আটক করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি এবং সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা রোধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’