Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নরসিংদীতে অটোরিকশাচালককে হত্যা, আরেকজনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৭:২৮

মর্গ, জেলা সদর হাসপাতাল, নরসিংদী।

নরসিংদী: নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে এক অটোরিকশাচালককে হত্যার ঘটনা ঘটেছে। আরেক অটোরিকশাচালকের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে জেলার পলাশ ও মাধবদী থানা এলাকায় এ দুই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন পলাশ উপজেলার ডাঙা ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত মোমেন মিয়ার ছেলে আল মামুন (১৯) এবং মাধবদী থানার চাঁনগাও এলাকার মোতালেব মিয়ার ছেলে মনসুর আলী (৩৫)।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) পলাশ উপজেলার গালিমপুর গ্রামে ডাব পাড়া নিয়ে আল মামুনের সঙ্গে প্রতিবেশী ইসমাইল মিয়া, তার ছেলে হযরত আলী ও আজিজুলের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার সকালে মামুন বাড়ি থেকে বের হয়ে ইটভাটার সামনে পৌঁছালে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় মামুনের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিপাশা মাসুদ জানান, মামুনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সকালে মাধবদী থানার আহমদিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার একটি পুকুর থেকে মনসুর আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি আগের দিন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে স্থানীয়রা পুকুরে মাথা নিচের দিকে থাকা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করলে তার স্ত্রী পরিচয় নিশ্চিত করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বলেন, ‘মামুন প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে হত্যার শিকার হয়েছে। আর মনসুর আলীর মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে। দুইটি ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’