গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রজিবা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার অভিযোগে তার স্বামী সুজা মিয়াকে আটক করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে রজিবা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, স্বামী সুজা মিয়া তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সুজা মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মোজাম্মেল হক জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং এলাকাবাসীর অভিযোগের ওপর ভিত্তি করে গৃহবধূর স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’