খুলনা: খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে দিদার সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন খাজা খালের রাস্তার পাশের রেললাইন সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার আরাকান্দি এলাকার বাসিন্দা বিনু সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিদার সরদারের ঘেরে মাছ চুরি করতে গেলে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সকাল ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) শাহজাহান আহমেদ বলেন, মরদেহটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে।