Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রামে ৮ কোটি টাকার হেরোইন ও ৩৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৮:৫৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রাম: জেলার কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইন ও ৩৫ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ  ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ।

গ্রেফতাররা হলেন– মো. আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) এবং মুহাম্মদ রাশেল (৪৯)। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের ঢাকা মেট্রো -ব -১১-২৩৮০ বাসটি জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে বিপুল হিরোইন ও ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কর্ণফুলীর ক্রসিং এলাকায় সন্দেহ জনক বাসটি দেখে থামার সংকেত দিলেও না থামায় ধাওয়া করে বাসটি আটক করা হয়।

পরে বাসটি তল্লাশি চালিয়ে বাসটির পেছনে লোহার তৈরি বাক্সে লুকানো হলুদ রঙের ৮টি প্যাকেটে মোড়ানো প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ৮ কেজি হেরোইন যার আনুমানিক মূল্য ৮ কোটি টাকা। এবং ৭০টি নীল রঙের জিপারের ভেতরে লুকানো প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। পুলিশ আরও জানায়, গ্রেফতাররা জব্দকৃত ওই বাসের চালক, সুপারভাইজার এবং হেলপার। এছাড়াও তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকের বড় চালানটি কক্সবাজারের অজ্ঞাত ২-৩ জনের কাছ থেকে নিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে ঢাকায় অজ্ঞাত ২ জনের কাছে বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছিল স্বীকার করে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর