Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মামলা নিয়ে বিরোধ, বন্ধুর হাতে বন্ধু খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৯:৫৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কক্সবাজার: কক্সবাজার শহরের পর্যটন জোনে মামলা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে শওকত আলম (৩২) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে শহরের হোটেল-মোটেল জোন এলাকার সিলভার বে রিসোর্টের সামনে সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শওকত আলম টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার মোহাম্মদ আলীর ছেলে। অভিযুক্ত আবু সিদ্দিক (৩৫) নিহতের বন্ধু এবং একই এলাকার ইমান হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শওকতের পরিবার গত ১৫ বছর ধরে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের কলেজ গেইট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। একই এলাকায় বসবাস করতেন তার বন্ধু আবু সিদ্দিকও। সিদ্দিকের বিরুদ্ধে দু’টি পৃথক অপহরণ মামলা রয়েছে; যেগুলোতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী সূরা খাতুন ও স্বজনদের অভিযোগ, ওই অপহরণ মামলাকে কেন্দ্র করেই শওকত ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে জীবিকার তাগিদে ইজিবাইক নিয়ে বের হন শওকত। রাত ১১টার দিকে পর্যটন জোন এলাকায় পূর্ব বিরোধের জেরে সিদ্দিকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবু সিদ্দিক ও তার সঙ্গে থাকা আরও ২-৩ জন মিলে শওকতকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে এক স্থানীয় যুবক শওকতকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি ছমিউদ্দিন জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মামলা সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’