পাবনা: পাবনার সুজানগরে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় এক সাংবাদিককে মারধর ও পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা জানান, একটি উন্নয়ন প্রকল্পের অর্থ কাজ না করে নিজের কাছে রেখে দেওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, সুজানগর উপজেলার হাটখালী বাজার এলাকায় হাটখালী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল মান্নান ফোনে সংসদ সদস্য এ. কে. এম সেলিম রেজা হাবিবের নাম ব্যবহার করে এসব হুমকি দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ. কে. এম. সেলিম রেজা হাবিব জানান, কেউ তার নাম ব্যবহার করে কাউকে হুমকি দিলে তার দায় তিনি নেবেন না।
তিনি বলেন, ‘সাংবাদিক রানার সঙ্গে আমার কোনো পূর্ব শত্রুতা নেই। সে ভালো নিউজ করে। যদি আমার দলের কেউ কোনো সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার।’
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. মোজাফফর হোসেন বলেন, ‘সঠিক তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ‘প্রকল্পের অর্থ বছরের মধ্যে কাজ সম্পন্ন না হলে ফেরত নেওয়া হবে।’
ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।