Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণাকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ২০:০৪

গ্রেফতার মো. মেহেদী হাসান মিম। ছবি: সংগৃহীত

ঢাকা: বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় মো. মেহেদী হাসান মিম (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় মেহেদী হাসান মিমকে গত ১০ জুন দিবাগত রাতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন ও অপারেশনস নাটোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তিনি অজ্ঞাতনামা ব্যক্তি বাদীর নাম, পরিচয় ও পদবী ব্যবহার করে তার বন্ধু-বান্ধব, সহকর্মী ও আত্মীয়-স্বজনদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালায়।

বিজ্ঞাপন

জসীম উদ্দিন খান বলেন, কৃত্রিমভাবে বিচারকের কণ্ঠস্বরের অনুকরণ করে বাদীর পরিচিত বিভিন্ন সুহৃদ ব্যক্তিদেরকে ফোন করে তার মা ঢাকায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের খরচ বাবদ জরুরিভাবে অর্থ প্রয়োজন বলে জানায়। এমন প্রতারণামূলক কৌশলে বিভ্রান্ত হয়ে বাদীর পরিচিত একজন ভুক্তভোগী ৫০ হাজার টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতারকের কাছে পাঠায়। এছাড়াও বিচারকের আরও কয়েকজন বন্ধু, সহকর্মী ও পরিচিত ব্যক্তির নিকট একই কায়দায় ফোন ও বার্তা পাঠিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। বিষয়টি অবগত হয়ে বাদী শেরপুর জেলার সদর থানায় ২০২০ সালের ৯ নভেম্বর মামলা করেন।

তিনি বলেন, সিআইডি মামলাটির তদন্তভার গ্রহণ করে তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম পরিচালনা করে জানতে পারে যে, প্রতারণার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। যারা বিভিন্ন ব্যক্তির পরিচয় ও কণ্ঠস্বর নকল করে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরে এই মামলার ঘটনার সাথে জড়িত মো. মেহেদী হাসান মিমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত অভিযুক্তকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এ ধরনের প্রতারণা সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে সিআইডি।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আজ বিশ্ব বসতি দিবস
৫ অক্টোবর ২০২৬ ০০:০১

আরো

সম্পর্কিত খবর