ঢাকা: কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর ২ কয়েদি মারা গেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে ও দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মৃত কয়েদিরা হলেন- গুলশান থানার মামলার আসামি আব্দুল মাবুদ (৫৮) ও নেত্রকোনার আটপাড়া থানার হত্যা মামলার আসামি আব্দুল বারেক (৭০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান দুটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, আব্দুল বারেকের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানা এলাকায়। সেখানকার একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি তিনি। বন্দি ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারাগারের ভেতর শুক্রবার অসুস্থ হয়ে পড়লে ওইরাতেই তাকে ঢাকা মেডিকেলের সিসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসাধীন রোববার ভোরে সেখানে তার মৃত্যু হয়।
অন্যদিকে রাজধানীর গুলশান থানার একটি মামলার আসামি আব্দুল মাবুদ। আমেরিকা এম্বাসিতে ঢুকে পড়ায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় তিনি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। রোববার দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তখন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।