ঢাকা: জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভিন নিহত হওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আর এই দুই জনই হলো প্রকৃত ছিনতাইকারী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেফতারের তথ্য জানিয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী কর্তৃক প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় আসামি গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ছিনতাইয়ের ঘটনায় সিসি ক্যামেরায় যে দুজনকে দেখা গেছে, তাদেরই গ্রেফতার করা হয়েছে। তাদের যে পোশাকে দেখা গেছে, সেই পোশাকেই গ্রেফতার করা হয়েছে। এমনকি তাদের কাছ থেকে মারা যাওয়া শিক্ষিকার মালামালও উদ্ধার করা হয়েছে।
এদিকে, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন।
এর আগে, এই ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব (বর্তমান এসআরবি)। পাশাপাশি ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানায় সংস্থাটি। তবে গ্রেফতার দুই ব্যক্তি ও উদ্ধার হওয়া মোটরসাইকেলটি নিয়ে প্রশ্ন ওঠে।
গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভিন (৫৬)। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি এবং হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।