Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রবীন্দ্রনাথের ছবিতে কালি লাগাতে গিয়ে নারীসহ আটক ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৬ ১৮:৫৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ২৩:২৮

রবীন্দ্রনাথের ছবিতে কালি লাগাতে গেলে এক নারীসহ চার জনকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেয়ার ঘটনায় এক নারী ও রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াসসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, শিল্পকলা একাডেমির সামনের ওই দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সঞ্জীব চট্টোপাধ্যায়সহ উপমহাদেশের বিভিন্ন গুণীজনের প্রতিকৃতি আঁকা ছিল। এদিন দুপুরে সেখানে এক নারী ও তার সহযোগীরা রবীন্দ্রনাথের ছবিতে কালো কালি লেপে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা যায়, ওই নারী ব্রাশ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিচ্ছেন। এ সময় শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে পুলিশের ভ্যানে তোলে। আটকের সময় ওই নারী এবং তার সহযোগীরা ‘ভারতীয় আগ্রাসন’ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

গণমাধ্যমের সামনে ওই নারী প্রাথমিকভাবে দাবি করেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে ছিলেন এবং তিনি বলেছিলেন ‘কাঙ্গালদের আবার কিসের শিক্ষা’। রবীন্দ্রনাথকে ‘বাংলাদেশের বিরুদ্ধে’ আখ্যা দিয়ে এর প্রতিবাদস্বরূপ তিনি ছবিতে কালি দিয়েছেন বলে জানান।

তবে পরবর্তী সময়ে সাংবাদিকদের জেরার মুখে ওই নারী নিজের অবস্থান পালটান। তিনি দাবি করেন, তিনি অসুস্থ (জ্বরে আক্রান্ত) এবং তাকে কেবল একটি ‘সাধারণ প্রতিবাদ কর্মসূচির’ কথা বলে এখানে আনা হয়েছিল। রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়ার বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। জানলে তিনি আসতেন না। এ ছাড়া আটকের সময় এক পুরুষ পুলিশ সদস্য তাকে ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, আয়াসকে আটকের পর পুলিশের ভ্যানে তোলার সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার মোহাম্মদ আব্দুল খালেক বলেন, ‘ঘটনাস্থল থেকে আয়াসসহ মোট তিন যুবক ও এক নারীকে আটক করা হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে তাদের থানায় নিয়ে আসা হয়।’

আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত নয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবেন।’

বর্তমানে আটকরা শাহবাগ থানা হেফাজতে রয়েছেন এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

সিলেটে বাসচাপায় মা-মেয়ে নিহত
১০ অক্টোবর ২০২৬ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর