Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাটারায় ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১৭:০২

ঢাকা: রাজধানীর ভাটারায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ২ লাখ টাকা মূল্যের ৩৪ হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ডিএনসি’র ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন— মালা বেগম (৬২) এবং তার ছেলে মামুন চোকদার (৩৬)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে ডিএমপির ভাটারা থানাধীন ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচাবাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অপর সহযোগী সাহিদা বেগম ইতি (৪৮) নামের এক নারী পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ও ডিএমপির সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল ওই বাসা ঘেরাও করে তল্লাশি চালায়। পরে ঘর তল্লাশি করার সময় পশ্চিম পাশের কক্ষের চালের ড্রামের ভেতর লুকিয়ে রাখা কফি রঙের একটি সাইড ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে কাগজ ও স্কচটেপ দিয়ে মোড়ানো ১৭টি প্যাকেটে মোট ৩৪ হাজার (ওজন ৩.৪০ কেজি) অ্যাম্পিটামিনযুক্ত মেথামফেটামিন ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, জোয়ার সাহারা এলাকার পলাতক আসামি সাহিদা বেগম ইতি মূলত কক্সবাজার থেকে এই ইয়াবার চালান সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুদ রাখতেন। পরে সেখান থেকে গাজীপুরের কোনাবাড়ী, সাইনবোর্ড এবং টাঙ্গাইলের ভূঞাপুরসহ দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হতো। উদ্ধার করা এই মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ কোটি ২ লাখ টাকা। গ্রেফতার মা-ছেলে এবং পলাতক সহযোগীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা থানায় একটি নিয়মমাফিক মামলা দায়ের করা হয়েছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর