ঢাকা: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ই/এম প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম অভিযান পরিচালনা করছে।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করছেন বলে সংস্থাটির জনসংযোগ দফতর নিশ্চিত করেছেন।
বেবিচক সূত্রে জানা যায়, এদিন সকালে দুদকের একটি দল বেবিচকে প্রবেশ করেই তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। চেয়ারম্যান দুদকের দলকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তারা ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগে অভিযান চালান। বর্তমানে তারা বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শাহরিয়ার মোরশেদ সিদ্দিকী এর দফতরে আছেন।
জানা গেছে, বেবিচকের ই/এম প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ রয়েছে।
এ ছাড়া, বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুসের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়াসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।