ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে তৃতীয় দফায় অনলাইনে প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির সময়সূচি ও ফি:
অনলাইন আবেদন: ২২ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন ফি (১,০০০ টাকা): ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত (সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি)।
কলেজ কর্তৃক ফরম নিশ্চয়ন: ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের অংশ জমা: আবেদন প্রতি ৭০০ টাকা হারে সোনালী ব্যাংকের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার নিয়ম ও মেধাতালিকা: এবারের ভর্তি প্রক্রিয়ায় কিছু উল্লেখযোগ্য নিয়ম অপরিবর্তিত থাকছে-
এমসিকিউ পরীক্ষা: ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০টি প্রশ্নের উত্তরের জন্য সময় ১ ঘণ্টা।
নেগেটিভ মার্কিং নেই: ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
মেধাতালিকা (মোট ২০০ নম্বর): এসএসসি জিপিএ (৪০%)= ৪০ নম্বর, এইচএসসি জিপিএ (৬০%)= ৬০ নম্বর, ভর্তি পরীক্ষা= ১০০ নম্বর সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে কলেজভিত্তিক ও বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে।
আবেদন প্রক্রিয়া ও তথ্য:
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে প্রথম ধাপে আবেদনের সময় ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে তা বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছিল। এবার তৃতীয় দফায় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে শিক্ষার্থীদের শেষ সুযোগ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।