ঢাকা: বিসিএস পরীক্ষায় একই প্রার্থীর বারবার ক্যাডার হওয়া বা ‘রিপিট ক্যাডার’ সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে ৪৪তম বা ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
গুগল ফরম পূরণের নির্দেশ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসের ভাইভা দেওয়া প্রার্থীদের মধ্যে যারা বিগত দুটি বিসিএসে (৪৪ ও ৪৫তম) ক্যাডার পদের জন্য সুপারিশ পেয়েছেন, তাদের আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে একটি নির্দিষ্ট গুগল ফরম পূরণ করতে হবে।
পদসংখ্যা ও প্রেক্ষাপট উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, যেখানে ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
ক্যাডারভিত্তিক উল্লেখযোগ্য পদ-
স্বাস্থ্য ক্যাডার: ১ হাজার ৬৯৮ জন (সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন)
শিক্ষা ক্যাডার: ৯২০ জন
প্রশাসন ক্যাডার: ২৭৪ জন
পুলিশ ক্যাডার: ৮০ জন
অন্যান্য: পররাষ্ট্র (১০), আনসার (১৪), পরিবার পরিকল্পনা (৪৯), মৎস্য (২৬) এবং গণপূর্ত (৬৫) জন।
এই উদ্যোগের ফলে একই ব্যক্তি বারবার পদ দখল করার সুযোগ কমবে এবং নতুন মেধাবীদের জন্য ক্যাডার হওয়ার পথ আরও সুগম হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।