কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন ইয়াসার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি আগামী ছয় মাস তাদের দায়িত্ব পালন করবে।
নবগঠিত দুই সদস্যবিশিষ্ট কমিটিকে ১৪তম আবর্তনের পক্ষে আইসিটি বিভাগের মো. আশিকুর রহমান, গণিত বিভাগের মো. জুয়েল মিয়া, ব্যবস্থাপনা বিভাগের তাহমিনা খানম ও মো. সানিক মিয়া অনুমোদন প্রদান করেন। এছাড়া ১৫তম আবর্তনের পক্ষে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাহমুদুল হাসান হৃদয়, ফার্মেসি বিভাগের তানভীর আনজুম সাজন, বাংলা বিভাগের মো. ডালিম মিয়া এবং নৃবিজ্ঞান বিভাগের ইভানুর মীম অনুমোদন দেন।
এদিকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি সমর্থন জানিয়ে এসোসিয়েশনের ৪৩ জন শিক্ষার্থী সম্মতি জ্ঞাপন করে স্বাক্ষর প্রদান করেছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন ইয়াসার বলেন, ‘সকলের সম্মতিক্রমে জেলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় গর্ব অনুভব করছি। দীর্ঘদিন অ্যাসোসিয়েশনের অবস্থা নাজেহাল ছিল। সবার সম্মতিক্রমে যেমন নির্বাচিত হয়েছি তেমনি চেষ্টা করবো সবার সহযোগিতায় জেলা সংগঠনটিকে এগিয়ে নেওয়ার। এক্ষেত্রে সর্বদা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, ‘আজকের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করব। জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করব। সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রাখব। এছাড়া নবীন বরণ ও প্রবীণ বিদায়, বাৎসরিক ট্যুর, মাসিক সভার আয়োজন করা হবে।’
উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়।