জবি: আর্থিক অসচ্ছলতার কারণে অনার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। তার ব্যক্তিগত উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় ওই শিক্ষার্থীর অনার্সে ভর্তি সম্পন্ন হয়েছে।
জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক দরিদ্র পরিবারের সন্তান ওই শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেলেও ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচ জোগাড় করতে ব্যর্থ হন। ফলে উচ্চশিক্ষা নিয়ে তিনি অনিশ্চয়তায় পড়ে যান। বিষয়টি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক গ্রুপে প্রকাশিত হলে তা শাহরিয়ারের নজরে আসে। সোমবার (মার্চ ২) তিনি ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে অনলাইন ভর্তি ফি পরিশোধ থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, বিভাগীয় যোগাযোগ এবং সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত সার্বিক সহায়তা করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। এর আগেও অনেক শিক্ষার্থীর বিপদে ছুটে এসেছেন তিনি।
এ বিষয়ে ছাত্রনেতা মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘শিক্ষা একটি মৌলিক অধিকার। অর্থাভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সেটিই আমাদের লক্ষ্য। রাজনীতি যদি মানুষের কল্যাণে কাজে না আসে, তাহলে সেই রাজনীতির মূল্য নেই। আমরা চাই ক্যাম্পাসে এমন একটি সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে শিক্ষার্থীরা একে অপরের শক্তি হবে, ভরসা হবে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আজকের এই শিক্ষার্থী একদিন নিজের যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হবে এবং অন্য কারও পাশে দাঁড়াবে। এই সহমর্মিতার চর্চাই আমাদের এগিয়ে নেবে। একজন শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারা আমার জন্য গর্বের। ভবিষ্যতেও কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।’
ভর্তি হওয়া শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছিলাম না। তখন বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পেইজ ‘জবিয়ানস‘-এ বলি। তখন তারা আমার লিখা পোস্ট করে এবং এর প্রেক্ষিতে শাহরিয়ার ভাই আমার সঙ্গে যোগাযোগ করে। এর পর অনলাইন ভর্তি ফি থেকে শুরু করে সরাসরি ভর্তি হওয়া সব কার্যক্রম করে দিয়েছেন শাহরিয়ার ভাই।’
তিনি আরো বলেন, ‘গ্রাম থেকে শহরে এসে ভর্তি হওয়া, আবাসন ব্যবস্থা করা এটা আমার জন্য এক প্রকার অসম্ভব ছিল। আমার সুবিধার জন্য শাহরিয়ার ভাই আমাকে মেসের ব্যবস্থা করে দিয়েছেন এবং যাবতীয় সাহায্য করবেন।’