Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৮:০৫ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৮:৪১

অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তরের সময়কার চিত্র।

পঞ্চগড়: পঞ্চগড়ের স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা শাখা।

রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশের কাছে স্মারকলিপি দুইটি হস্তান্তর করা হয়।

স্মারকলিপি পাওয়ার পর তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর প্রাপ্ত এই স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষ হিসেবে বিবেচনায় নেওয়া হবে।’

এদিকে সংগঠনের নেতারা জানান, জেলার নন এমপিও শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ২০-২৫ বছর ধরে বেতনবিহীন অবস্থায় দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক জটিলতা ও অসম নীতিমালার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হতে পারেনি, যা মানবিক সংকট সৃষ্টি করেছে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্মারকলিপি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছিল। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকের পর তিন মাসের মধ্যে এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বরাদ্দের আওতায় ১৪-২৫ জানুয়ারি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে ৩৬১৫টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করেছে। প্রাথমিকভাবে ১৭১৯টি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

স্মারকলিপিতে দুইটি দাবি তুলে ধরা হয়েছে:
১. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৩৬১৫টি আবেদনকারী প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করা;
২. কারিগরি ও মাদ্রাসা বিভাগের সফটওয়্যার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে যোগ্য প্রতিষ্ঠানগুলোর আবেদন গ্রহণ ও এমপিওভুক্তি নিশ্চিত করা।

স্মারকলিপি হস্তান্তরের সময় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বক্কর মো. এরশাদুল হক, জেলা শাখার সভাপতি কফিউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন খানসহ কমিটির সদস্য ও বিভিন্ন উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর