ঢাবি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘প্রগতি – নবীনগর উপজেলা পাবলিকিয়ান’-এর তৃতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শিক্ষা, সংযোগ ও উৎকর্ষকে মূলনীতি হিসেবে ধারণ করে কার্যক্রম পরিচালনা করে আসছে।
বুধবার (১৭ মার্চ) এক বিবৃতিতে জানানো হয়েছে, নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিব হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদুর রহমান টুটুল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শাহাদাত হোসেন সাইমন ও সাইদুর রহমান রাকিব। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. রুবেল।
সম্প্রতি, গত ১৫ মার্চ সংগঠনের উদ্যোগে নবীন সদস্যদের নবীনবরণ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি রাকিব হাসান বলেন, ‘শিক্ষা, সংযোগ ও উৎকর্ষের সংগঠন প্রগতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে আমি গর্বিত। প্রতিষ্ঠার পর থেকে প্রগতি নবীনগর উপজেলা পাবলিকিয়ানদের নিয়ে নিজের মূলনীতি ধারণ করে এগিয়ে যাচ্ছে। নবীনবরণের মাধ্যমে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি সংগঠনকে আরও গতিশীল করবে। আমি আশা করি, পূর্বসূরিদের মতো প্রগতির মূলনীতি বজায় রেখে আমার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পারব।’
সাধারণ সম্পাদক নাহিদুর রহমান টুটুল বলেন, ‘প্রগতি আমাদের উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ‘প্রগতি’কে একটি আদর্শিক ও সেবামূলক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’
নবগঠিত এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।